দেশের অর্থনীতির কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয়া হবে। এ সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধ থাকবে।
বিজিবি-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (১৭ জুলাই) এসব কথা বলেন।
জাতীয় করোনা সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণে পরামর্শ কমিটির আশঙ্কা, লকডাউন শিথিলের কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এ বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দেশের অর্থনীতি ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের কথা চিন্তা করে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সবজায়গায় সমানভাবে উন্নয়ন করছে বর্তমান সরকার। সমতার ভিত্তিতে উন্নয়নের সমবণ্টন করা হচ্ছে। কোনো এলাকা এখন আর অবহেলিত নয়। সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বিজিবির যশোর রিজিওয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মেহেরপুরের জেলা প্রশাসক মুনছুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


