নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনার নারীসহ ৬ যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় লেগুনার আরও ৫ যাত্রী আহত হন। নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল এলাকায় শুক্রবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও কমপক্ষে ৫ জন আহতের খবর পাওয়া গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক। মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


